
দ্রব্যমূল্যের উধর্ধগতি নিয়ে সংসদে নানা সমালোচনা ও তোপের মুখে পড়তে হয় বাণিজহ্যমন্ত্রী টিপু মুনসিকে। জাতীয় পার্টি এবং বিএনপির সংসদ সদস্যরা অভিযোগ করে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার(০৫ এপ্রিল) সংসদে 'বাণিজ্য সংগঠন বিল-২০২২' পাসের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এসব কথা বলেন।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, গ্যাসের অভাবে পুরো ঢাকা শহর হাহাকার করছে, তেলের বাজারও লাগামহীন। এ সরকার (আওয়ামী লীগ) সম্পূর্ণভাবে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ।
তিনি আরও বলেন, বিএনপির কারণে দ্রব্যমূল্য বাড়ছে, এসব অপ্রাসঙ্গিক কথা না বলে সরকারকে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।
সরকারকে সিন্ডিকেট উল্লেখ করে হারুনুর রশীদ বলেন,‘ তেলের দাম বৃদ্ধি নিয়ে হইচই হলো। ১৫ দিনে সিন্ডিকেট ১ হাজার কোটি টাকা উঠিয়ে নিয়েছে। সুতরাং, সরকার আর সিন্ডিকেটের মধ্যে কোন পার্থক্য নেই।
এ সময় জাতীয় পার্টি এবং গণফোরামের অনেক নেতাকর্মীরা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে সরকার এবং সরকারের মন্ত্রীরা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন।
এসব বক্তব্যের জবাবে প্রশ্ন করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমি ব্যবসা করি ৪০ বছর সময় ধরে আর রাজনীতি দীর্ঘ ৫৬ বছর ধরে। তাহলে ব্যবসায়ী হওয়া কি অপরাধ ?
টিপু মুনশি বলেন, যুদ্ধের কারণে ভোজ্য তেলের দাম বেড়েছে, এটা কখনো বলিনি। প্রতি মাসে তেলের দাম নির্ধারণ করা হয়। এখন বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে।
তিনি আরও জানান, সরকার কোথাও ব্যবসা নিয়ন্ত্রণ করে না বরং ব্যবসায়ীদের সহযোগিতা করে যাতে তারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। আর প্রধানমন্ত্রী সবসময় বাজার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।



