

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার তরুণীর স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তরুণীর স্বামী সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান।
সোমবার রাতে ওই তরুণীর স্বামী জিডি করেন। জিডিতে বলা হয়েছে, গত ২৯ মার্চ সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি ওই তরুণীর স্বামীর বাড়িতে গিয়ে তাঁর বাবা ও ছোট ভাইয়ের সাথে খারাপ আচরণ করেন এবং হুমকি দেন। পরে ওই ব্যক্তি তাঁর মুঠোফোন নম্বরে কল করে এবং পরিচয় গোপন রেখে হুমকি দেন। সেই সঙ্গে তাঁকে এবং তাঁর মামলা পরিচালনাকারী বাংলাদেশ মানবাধিকার সংস্থা ও সংশ্লিষ্ট আইনজীবীদের ক্ষতিসাধন, মিথ্যা মামলা ও হত্যার হুমকি দেন।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল আহসান এ প্রসঙ্গে বলেন, ওই তরুণীর স্বামীর জিডিটি গুরুত্বের সঙ্গে পুলিশ তদন্ত করছে। কে এই হুমকি দিয়েছেন, তা অনুসন্ধানের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে (২০) দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় তাঁর স্বামী বাদী হয়ে মহানগরের শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও তিন দিনের মধ্যে ছয় আসামি ও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। গ্রেপ্তার আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।



