রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে পদ্মা সেতুতে: মন্ত্রীপরিষদ সচিব
হেড অফ ডিজিটাল মিডিয়া


৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে পদ্মা সেতুর, সম্প্রতি এমনটিই জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছিলেন, আগামী জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
তবে বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের এক প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জুনে নয় বরং চলতি বছরের শেষের দিকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে পদ্মা সেতু। পরে বিষয়টি আরও স্পষ্ট করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
এক সংবাদ সম্মেলনে সচিব জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মার্চ মাসের মধ্যে যেসব মালামাল আসার কথা ছিল তা এখনো আসেনি। ফলে জুন মাসে পদ্মা সেতু খুলে দেয়ার ঘোষণা ছিল তা সম্ভব নয়, এজন্য কিছুটা দেরি হতে পারে।
মন্ত্রিপরিষদ সচিব আরোও জানান, এ কারণেই প্রধানমন্ত্রী বলেছেন ২০২২ সালের শেষ নাগাদ যান চলাচলের জন্য খুলে দিতে দ্রুত কাজ করা হচ্ছে।
এর আগে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হকসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।



