
ঢাকার সাভারে নাজমুল কাজী (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার(০৫ এপ্রিল) সাভারের রেডিও কলোনি এলাকা থেকে হাইওয়ে পুলিশ তার গাড়ি জব্দ করায় ক্ষোভে রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, নাজমুল সাভারের জালেশ্বর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং তার স্ত্রী নাজমা খাতুন পেশায় একজন পোশাক শ্রমিক। তিনি খুলনার পাইকগাছা উপজেলার সবুর কাজীর ছেলে।
এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশ জানায়, সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে এ অভিযান পরিচালনা করছেন তারা। তাদের দাবি রেলওয়ে কলোনি থেকে কোন গাড়ি জব্দ করা হয়নি।
তবে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সে অটোরিকশা নিয়ে বের হয়ে যায়। কিন্তু তার স্ত্রী বাড়িতে আসলে জানতে পারে তার রিক্সা পুলিশ জব্দ করেছে।পরবর্তীতে তার স্ত্রী গেরেজ মালিকের সাথে কথা বললে তিন হাজার টাকা দিয়ে গাড়িটি ছাড়িয়ে আনতে বলে।
নাজমুলের স্ত্রী নাজমা খাতুন বলেন ‘আমি রিক্সা জব্দের ঘটনাটি শুনতে পারি দুপুর বেলা। পরবর্তীতে বাড়িতে আসলে গেরেজ মালিকের সাথে কথা বলি এবং তিনহাজার টাকা দিয়ে রিক্সা ছাড়িয়ে আনার কথা বলে। কিন্তু আমি যখন বাড়িতে আসি তখন ওর (নাজমুলের) ঝুলন্ত লাশ দেখতে পাই।’
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হক এ প্রসঙ্গে বলেন, রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠাই।বিষয়টি নিয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পারিবারিকসূত্রে জানতে পারি সে এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল।



