জাতীয়


গণভোটে ‘হ্যাঁ’ জয়ের পর অবশেষে জুলাই সনদে সই করছে এনসিপি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার

আপডেট:১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার

গণভোটে ‘হ্যাঁ’ জয়ের পর অবশেষে জুলাই সনদে সই করছে এনসিপি

ছবি: সংগৃহীত


জুলাই জাতীয় সনদে অবশেষে স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদে সই করার জন্য আজ সোমবার সন্ধ্যা ছয়টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাবে।

 

আজ দুপুর সোয়া একটার পর এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। এতে ‘হ্যাঁ’ ভোট ‘না’-এর তুলনায় দ্বিগুণের বেশি পাওয়ায় রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়নের পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়।

 

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পর এখন জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের গড়া দল এনসিপি সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেছিল দলটি।

 

এনসিপির পাঠানো বার্তায় জানানো হয়, নাহিদ ইসলাম ও আখতার হোসেনের পাশাপাশি প্রতিনিধিদলে থাকবেন দলের কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মূসা।

 

জুলাই গণ–অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তী সময়ে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অঙ্গীকার করে সরকার। সে লক্ষ্যে ২০২৪ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসনসহ বিভিন্ন খাতে সংস্কার কমিশন গঠন করা হয়।

 

প্রাথমিকভাবে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে ১৬৬টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এসব প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য তৈরির লক্ষ্যে গত বছরের ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়। এসব প্রস্তাব নিয়ে তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ।

 

৮৪টি প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান-সম্পর্কিত। বাকি প্রস্তাবগুলো সরকারি আদেশ, অধ্যাদেশ বা আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নযোগ্য। সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো অধ্যাদেশে বাস্তবায়নের সুযোগ না থাকায় সেগুলো নিয়েই গণভোট অনুষ্ঠিত হয়।

 

গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে। সেদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও সনদে সই করেন। পরে আরও একটি দল স্বাক্ষর করে। তবে এনসিপি তখন সনদে স্বাক্ষর করেনি।

 

সনদে সই না করার বিষয়ে এনসিপি তিনটি দাবি তোলে। এগুলো ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ, প্রধান উপদেষ্টার মাধ্যমে আদেশ জারি এবং গণভোটে সনদের পক্ষে রায় এলে নোট অব ডিসেন্টের কার্যকারিতা না থাকা। পাশাপাশি তারা প্রস্তাব করে, সংস্কার-পরবর্তী সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।

 

পরবর্তীতে গত ১৩ নভেম্বর রাষ্ট্রপতি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেন। ওই আদেশের অধীনেই ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়।

 

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পর এনসিপির এই স্বাক্ষর প্রক্রিয়া জুলাই সনদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা আরও বিস্তৃত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত

জাতীয়জুলাই সনদএনসিপি

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।