

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আতিকুর রহমান সুমন (২৮) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের মারফত আলীর ছেলে শরিফ মিয়া (২২)। বুধবার (৬ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, আতিকুর রহমান সুমন বেশ কয়েক বছর ধরে নবীনগরে বসবাস করে ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন। এই সুবাদে স্থানীয় শরিফ মিয়ার স্ত্রী সাথির সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে শরিফের সঙ্গে তার স্ত্রীর মনমালিন্য চলছিল। এক পর্যায়ে সাথি বাবার বাড়ি চলে যান। পরে সোমবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সুমন সেহরি খেয়ে ঘর থেকে বের হন। এ সময় শরিফ তাকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যান। পরে এ ঘটনায় নিহত সুমনের বড় ভাই সজিবুর রহমান মোসাদ্দর বাদী হয়ে হত্যা মামলা করেন।



