

ময়মনসিংহে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি থানা সূত্রে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।
কোতোয়ালি থানার ওসি জানান,নগরীর চরপাড়া এলাকায় বুধবার রাত ১২টার দিকে শরিফ আহম্মেদ নামের ওই যুবক খুন হন।
নিহত শরিফ (২১) গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, “শরীফকে তার বাসার সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরীফের মৃত্যু হয়।”
শরীফ মহানগর যুবলীগের কর্মী ছিলেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরোও বলেন,রাজনৈতিক কোন কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে।
ময়নাতদন্তের জন্য শরীফের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।


