বাগেরহাট জেলার রামপাল উপজেলায় ধানক্ষেতে হাঁস প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ওমর ফারুক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ৬ এপ্রিল বুধবার উপজেলার উজুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হন ওমর ফারুক ও তার ভাই মো. মিজান (৪৮) । পরবর্তীতে স্থানীয়রা তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

নিহত ওমর ফারুক উজুলকুর গ্রামের বাসিন্দা । তিনি মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।

citytouch 728-X-90

তার খালাতো ভাই কাজী ফিরোজ আহমেদ জানান,‘ধানক্ষেতে হাঁস যাওয়ায় বুধবার বিকালে ওমর ফারুকের সঙ্গে আলীর ঝগড়া হয় । আলী তার প্রতিবেশী ও নিকটাত্মীয় । স্থানীয়দের হস্তক্ষেপ করায় ঝগড়া থেমে যায়। ঝগড়া থেমে যাওয়ার পর ওমর ফারুক নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি যাওয়ার সময় আলী, কামাল, মোহাম্মদ ও জামাল তার ওপর হামলা চালায়।

এ সময় আলীর হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে ওমর ফারুক মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।