

রমজানে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে অস্বাভাবিকভাবে। লাগামহীন বাজার নিয়ন্ত্রণে বুধবার মধ্যরাতে হঠাৎ রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে চালানো এ অভিযানে আরোও অংশ নেন উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাশ, সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
ভোক্তা অধিকারের কাছে অভিযোগ ছিল রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ীরা অস্বাভাবিকভাবে লেবুর দাম বাড়িয়ে দেয়। ফলে অভিযানের প্রথমেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হানা দেয় লেবু বহনকারী ট্রাকে।
এ সময় তারা প্রমাণ পায় কারওয়ান বাজার থেকে তিন থেকে চার টাকা কিনে ভোক্তা পর্যায়ে এই লেবুর বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকায়।
রাত সাড়ে ১২টায় বেগুনের আড়তে অভিযান চালিয়ে দেখে, পাইকাররা প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করছেন। এরপর রাত দেড়টায় অভিযান চালায় তরমুজের আড়তে। সেখানে দেখা গেছে, পাইকাররা কৃষকের কাছ থেকে ৯ থেকে ১০ কেজি ওজনের একশ পিস তরমুজ কিনছেন ১৮ থেকে ২০ হাজার টাকায়। সেই তরমুজ তারা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন ৩৫ হাজার টাকা। খুচরা পর্যায়ে প্রতি পিস তরমুজের দাম পড়বে ৪০০ থেকে ৪৫০ টাকা।
এ সময় অতিরিক্ত দাম নেওয়ার কারণে কয়েকজন পাইকারি ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, এ ধরনের অভিযান যাত্রাবাড়ী, মিরপুর আঁড়তসহ জেলা পর্যায়ের আঁড়তগুলোতে প্রতিদিন চলবে।



