

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারের কাছ থেকে পণ্য কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করায় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত করা মালামাল জব্দ করা হয়েছে। বুধবার রাত আটটার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের সেন্টার বাজার (দুলাল মিয়ারহাট) রাস্তার মাথায় এ অভিযান চালানো হয়।
এই অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টিসিবির ডিলার সুবর্ণচরে পণ্য বিক্রি করে জেলা শহরে ফেরার পথে তাঁদের কাছ থেকে অবশিষ্ট পণ্য কিনে অতিরিক্ত দামে বিক্রির জন্য মজুত করে চরবাটা ইউনিয়নের সেন্টার বাজার এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন। গত রাত আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও চৈতী সর্ববিদ্যা পুলিশ নিয়ে ওই দোকানে অভিযান চালায় তারা।
এ সময় ওই দোকান থেকে টিসিবির ফ্যামিলি কার্ডের ১১৮ লিটার ভোজ্যতেল, ১১৮কেজি মসুরের ডাল ও ১১৮কেজি চিনি জব্দ করা হয়। এ সময় ইউএনও তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত আলমগীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা পণ্যগুলো আজ টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে নির্ধারিত দামে বিক্রি করা হবে।


