
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে সিলেট শহরে অনির্দিষ্টকালের জন্য গরু ও খাসীর মাংস বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সিলেট সিটি কর্পোরেশন কতৃক নির্ধারিত মাংসের দাম বাড়ানোর দাবিতে গরুর মাংস এবং মাটন বিক্রি বন্ধ রেখেছে তারা ।
৭ এপ্রিল বেলা ১টার দিকে সিলেট শহরের মাংস ব্যবসায়ী সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রমজান মাসের জন্যে সিলেট সিটি করপোরেশন গরুর মাংস ও মাটনের দাম ৬০০ টাকা ও ৮৫০ টাকা নির্ধারণ করে। কিন্তু ব্যবসায়ীদের দাবি, সিটি করপোরেশনের নির্ধারিত দামে মাংস বিক্রি করে তাদের লোকসান গুনতে হচ্ছে ।
এ বিষয়ে নগরীর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক জানান , নির্ধারিত দামে মাংস বিক্রি করলে আমরা লোকসানের মুখে পড়ি। প্রায় এক মাস যাবত আমরা সিলেটের মেয়রের সাথে এ বিষয় নিয়ে দফায় দফায় বৈঠক করেছি। বিষয়টির সমাধান না হওয়ায় এখন মাংস বিক্রি বন্ধ করে দিয়েছি।
এ সময় তিনি আরও বলেন, সিলেট নগরীর বাইরে বিভিন্ন এলাকায় গরুর মাংস ও মাটন অনেক বেশি দামে বিক্রি হয় এবং তাদের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত মাংস বিক্রি বন্ধ থাকবে।



