
কুড়িগ্রামে শহিদুল ইসলাম শহিদ (৪২) নামের এক দিনমজুর নিখোঁজের একদিন পর আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রৌমারি উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শহিদ ওই চর ইটালুকান্দা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। এই ঘটনায় রৌমারী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন নিহতের ছোট ভাই সুলতান মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন শহিদ। এরপর আর ফেরেননি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেন। পরে সন্ধ্যায় স্থানীয়রা একটি আখক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির বিল্লাহ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সেটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।



