
ফরিদপুরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কিছু বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) মধ্যরাত থেকে শুক্রবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার সালথা উপজেলার মোড়হাট-আগুলদিয়া-জয়ঝাপ এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় এখন অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আইয়ূব ঠাকুর ও খোরশেদ খাঁ'র লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষই দেশিয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় বিভিন্ন ঘর-বাড়ি ও দোকানে লুটপাট চালানো হয়। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান জানান, আপাতত পরিস্থিতি শান্ত আছে। আর যাতে সংঘর্ষ না ঘটে তাই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


