
সড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ। এবার কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টর খালে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বল্লববাড়িয়া এলাকার মো. বাবুল মিয়া (২২), মো. হাসান(২৩) ও মো. টুটুল (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬ টার দিকে বাখরনগর থেকে রোয়াচালা এলাকার একটি ইটভাটায় ইট আনতে যাচ্ছিল ট্রাক্টরটি। মোচাগাড়া এলাকায় রাস্তা ভাঙা ছিল, সে জায়গা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাশের খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চালক ও তার সঙ্গে থাকা দুজন ট্রাক্টরের নিচে চাপা পড়েন, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম দূরবীন নিউজকে বলেন, একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টরে থাকা তিনজন চাপা পড়ে শ্বাস বন্ধ হয়ে মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।


