

নিজস্ব প্রতিবেদক:ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আনতে পরিশোধন পর্যায়ে ১৫ শতাংশ এবং বিপণন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পর এবার আমদানি পর্যায়েও ১৫% ভ্যাট তুলে নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৫ মার্চ) অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তাওহীদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে আনুষ্ঠনিক পরিপত্র জারি করবে।
এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ভোজ্য তেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটা কীভাবে, কতটুকু কমানো যায়, সে বিষয়ে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে বলা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও সোমবার এক অনুষ্ঠানে বলেন, ভোজ্যতেলে ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ কমানো হবে। উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ সেখানে কমানোর কথা বলা হয়েছে। আমদানি পর্যায়ে ১৫ শতাংশ রয়েছে, সেখান থেকে ১০ শতাংশ কমানো হবে। কী পরিমাণ কমানো হবে সেটা এনবিআরের এসআরও প্রকাশের পর জানা যাবে।
এরপর সোমবার বিকালে সয়াবিন তেল ও পাম তেল পরিশোধনে ১৫ শতাংশ একং বিপণন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় জাতীয় রাজস্ব বোর্ড। প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।


