ফিতরা ২০২২: সর্বোচ্চ ২৩১০ টাকা, সর্বনিম্ন হার ৫ টাকা বেড়ে ৭৫ টাকা
হেড অফ ডিজিটাল মিডিয়া


এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ও সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করেছে ইসলামী ফাউন্ডেশন। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার (৯ এপ্রিল) জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, ইসলামী শরিয়াহ মতে সামর্থ্য অনুযায়ী আটা, খেজুর, গম, কিশমিশ, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা)।
খেজুর, কিশমিশ, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের (এক সা’) মাধ্যমে সাদকাতুল ফিতর (ফিতরা) আদায় করতে হয়। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা ঠিক করা হয়।
ইফা জানায়, ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজার মূল্যে তারতম্য রয়েছে। ফলে স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। ইসলাম ধর্মে ছোট-বড়, নারী-পুরুষ সব সামর্থ্যবান মুসলিমের পক্ষে ফিতরা আদায় করা ওয়াজিব।
ফিতরা ঈদের নামাজের আগে বণ্টন করা ওয়াজিব বলেও জানায় ইফা ।


