

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুল জব্বার হাওলাদার (৪৮) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
উপজেলার তুলাতলী সেতুর ঢালে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন। নিহত আব্দুল জব্বার হাওলাদার (৪৮) উপজেলার কলসকাঠী ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল জব্বার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ওসি জানান, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি থেকে বরিশালে যাচ্ছিলেন জব্বার। তুলাতলি সেতুর কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জব্বারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আনুমানিক রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।



