

বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টায় বগুড়া-সান্তাহার সড়কে উপজেলার বিবিরপুকুর স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ওসি আমবার হোসেন এ তথ্য জানান।
মাহবুবুর রহমান ফারুক (৬৫) বগুড়া জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি। তিনি দুপচাঁচিয়া উপজেলার খিয়ালী মধ্যপাড়া গ্রামের মৃত আইজ উদ্দীনের ছেলে।
ওসি জানান, মাহবুবুর রহমান সকালে মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে বগুড়ায় আদালতে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহবুবুর মারা যান। ট্রাক চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল জান্নাত প্রিন্স বলেন, মাহবুবুর রহমানের মৃত্যুতে আইনজীবী সমিতি শোকাহত।


