
বগুড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের দুপচাঁচিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার খান্দার স্টেডিয়াম গেট এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার আলোবাদিয়া গ্রামের মৃত গাজী আবু সাঈদ শেখের ছেলে শোয়েব মাহামুদ (৪৫)।
তাদের মধ্যে পলাশ মহাদেবপুরে এলজিডি অফিসে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। আর শোয়েব ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। তারা একে অপরের বন্ধু।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু শোয়েবকে সাথে নিয়ে জরুরি কাজে পোরশা এলাকায় এলজিডি অফিসে যাচ্ছিলেন পলাশ। পথে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শোয়েবের। আর গুরুতর অবস্থায় পলাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


