
জাটকা সংরক্ষণে দুই মাস মাছ না ধরার সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেদের সঙ্গে নৌ পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে আমির হোসেন নামে এক জেলে নিহত ও চার পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ১০জনকে আটক করেছে।
রোববার (১০ এপ্রিল) ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ সংঘর্ষ ঘটে।
আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নৌ পুলিশ বলছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ ধরছিল। এ সময় নৌ পুলিশ অভিযান চালালে ৫-৬টি জেলে নৌকা তাদের ঘিরে ধরে এবং কমপক্ষে অর্ধশতাধিক জেলে একত্রিত হয়ে অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, জেলেরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে গুলি করা হয়। এ সময় একজন জেলে গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এদিকে জেলেদের ছোঁড়া ইট-পাটকেলে আমাদের ৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



