
মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম ঈদ। আর ঈদকে সামনে রেখে তীব্র যানজটে কঠোর পরিস্থিতির সম্মুখীন হয় সাধারন জনগণ। তার পরিপ্রক্ষিতেই আগামী ২৭ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রোববার (১০ এপ্রিল) ঈদুল ফিতরকে সামনে রেখে সচিবালয়ে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে চলাচলের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় আয়োজিত বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে যেহেতু মুসলমানদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর ২ অথবা ৩ মে এর যেকোন দিন অনুষ্ঠিত হবে সে সাপেক্ষে বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতাদের সাথে আলোচনার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যাতে ২৭ এপ্রিল থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করে। কেননা আগে থেকে ছুটি প্রদান করলে মহাসড়ক, রেল এবং লঞ্চঘাটগুলোতে বাড়তি চাপের সৃষ্টি না হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, যে সকল গাড়িগুলো ডকইয়ার্ডে আছে তা দ্রুত সময়ের মধ্যে মেরামত করে চলাচলের উপযোগী করা হবে। তারা আমাদের নিশ্চিত করেছে এবার ৫১টি ফেরির সেবা বিভিন্ন নৌরুটে দিতে পারব।
প্রতিমন্ত্রী জানান, জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশসহ বৈঠকে যারা যুক্ত ছিল তাদের আজকের সভায় গৃহিত সিদ্ধান্তগুলো লিখিতভাবে পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীতে স্থানীয় পর্যায়ে সভা করে ব্যবস্থা গ্রহণ করবেন।


