

ছোট শিশুদের প্রধান খাদ্যগুলোর মধ্যে অন্যতম একটি উপাদান দুধ। এককথায় শিশুর মস্তিস্কের বিকাশ, হাড়ের গঠন নিশ্চিত করার পাশাপাশি শিশুকে শক্তিও যোগায় এই খাদ্য। আবার এই দুধ থেকে নানা ধরণের মুখরোচক মিষ্টান্নও তৈরি করা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থান সেখানকার মিষ্টির জন্য বেশ বিখ্যাত। রংপুরের পীরগাছার দেউতি-গুঞ্জর খাঁ ইউনিয়নটিও সেরকম একটি এলাকা। এখানকার মিষ্টি বেশ প্রসিদ্ধ।
কিন্তু এই মিষ্টিই কাল হয়ে দাড়িয়েছে এক মিষ্টান্ন বিক্রেতার পরিবারের জন্য। মিষ্টি বানানোর জন্য দুধ জ্বাল দেওয়ার সময় সেই হাড়িতে পড়ে মারা গেছেন তাঁর শিশু। ছোট শিশুটির নাম শাফিউল ইসলাম শাফি। বয়স সাড়ে তিন বছর।
শাফির বাবা পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি-গুঞ্জর খাঁ গ্রামের সাহাবুল ইসলাম পেশায় মিষ্টি দোকানি। সাহাবুল জানান, মিষ্টি বানানোর জন্য উনুনে দুধ গরম করছিলেন তিনি। এই সময় একটু অন্যদিকে মনযোগ দেওয়াটিই তাঁর ভুল হয়েছিল। তাঁর পাশে থাকা শিশু শাফি হঠাৎ ফুটন্ত দুধের পাতিলে হোঁচট খেয়ে পড়ে যায়।
শাফির মা তখনই তাকে ফুটন্ত দুধ থেকে তাকে টেনে তুলে ফেলেন। পরে, প্রতিবেশীদের সহায়তায় শাফিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শাফির অবস্থা বেশী খারাপের দিকে যাওয়ায় তাকে নেওয়া হয় বার্ন ইউনিটে। কিন্তু, সেখানে শত চেষ্টা করেও বাঁচানো যায়নি তাকে। মৃত্যুর কাছে হার মানে সে। পরে তাকে রোববার দিবাগত মধ্যরাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



