
বরগুনার পাথরঘাটায় একটি ডকইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সমুদ্রগামী পাঁচটি মাছ ধরার ট্রলার পুড়ে গেছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার দূরবীন নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার রাত ১২ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল কাদেরের মালিকানাধীন ডকইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেখানে মেরামত করতে আসা সমুদ্রগামী পাঁচটি মাছ ধরার ট্রলার পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে দেড় ঘন্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তোফায়েল আহমেদ আরও বলেন, আগুনে চারটি ট্রলার একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। আর একটি ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শাহজাহান সিকদার বলেন, প্রচন্ড বাতাস থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এছাড়া ট্রলারগুলোতে দাহ্য পদার্থ ছিল যে কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের ঘধটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।
ডকইয়ার্ডের মালিক আব্দুল কাদের বলেন, ইফতারের আগেই ডকইয়ার্ডের সবাই কাজ শেষ করে চলে গিয়েছিল। রাতে কিভাবে এ আগুন লাগলো বলতে পারছি না। তবে আমার মনে হয় কেউ শত্রুতা করে আমার ডকইয়ার্ডে আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ নেব।


