

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, আগামী বছরের (২০২৩ সাল) সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যেই উদ্বোধন হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ইতোমধ্যেই এই প্রকল্পের প্রায় ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষ মন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, গাজীপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণকাজ চলছে, সেটার কারণে এই টার্মিনালের নির্মাণকাজে কোন সমস্যা হবে না।
মাহবুব আলী বলেন, ফ্লাইট বাড়লে মধ্যপ্রাচ্যের ভাড়া কমবে। সরকার সেজন্য চেষ্টা করে যাচ্ছে।
টরেন্টো ফ্লাইট ভবিষ্যতে লাভজনক হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
বিমানের টিকিট নিয়ে কোন দুর্নীতি সহ্য করা হবে না এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দুর্নীতির প্রমাণ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।
বিমানে কর্মকর্তা কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এমন অভিযোগ আমি শুনিনি। তবে এমন হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে আমার জানা মতে এমন দুর্নীতি হওয়ার কথা নয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল এম মফিদুর রহমানও বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ নিয়ে কথা বলেন। তিনি বলেন, গাজীপুরের এলিভেটেড এক্সপ্রেসওয়েও সঙ্গে সমন্বয় করেই টার্মিনালের নির্মাণকাজ করা হচ্ছে। আশা করছি দুটো একসাথেই শেষ হবে।
মফিদুর রহমান আরও বলেন, টার্মিনালের কাজ ২০২৩ সালের অক্টোবরে শেষ হবে। তখন এটি বিমান চলাচলের উপযোগী হবে। তবে কিছু কাজ বাকি থাকবে, তার জন্য টার্মিনালে কোন সমস্যা হবে না।


