
অরক্ষিত রেল ক্রসিংয়ে নির্মম মৃত্যু বাড়ছে প্রতিনিয়ত। শুধু মাত্র গত ২৪ ঘন্টায় অরক্ষিত রেল লাইনে কাটা পড়ে মারা গেছেন শিশুসহ ৫ জন।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে ট্রেনে কাটা পড়ে টাঙাইলের কালিহাতীতে নির্মমভাবে মৃত্যু হয় শিশুসহ তিনজনের।
ঢাকা থেকে বঙ্গবন্ধু পূর্বপরের স্টেশনে যাচ্ছিল জামালপুর এক্সপ্রেস নামের ট্রেনটি। এ সময় পথে অরক্ষিত একটি রেল ক্রসিংয়ে যাত্রীবাহী ইজিবাইক রেল লাইন পার হচ্ছিল। মুহূর্তেই ট্রেনটি এসে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে ফেলে। এতে শিশুহ তিনজন ট্রেনের নিচে চাপা পড়েন।
রেলওয়ে পুলিশের আইসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনাটির পর ঘটনাস্থলেই দুজন মারা যান। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে রোববার (১০ এপ্রিল) সন্ধ্যার পর রাজশাহী মহানগরের ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় মোটরসাইকেল নিয়ে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের চাপায় মারা যান বেসরকারি সংস্থা আশার রাজশাহীর উপশহর শাখার ব্যবস্থাপক ফারুক হোসেন (৪৫)। দুর্ঘটনার সময় ক্রসিংয়ে গেটম্যান ছিলেন না, যে কারণে অরক্ষিত ছিল রেল ক্রসিংটি।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইল সৃষ্টি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র অন্তর খান (১৮) মারা যান। তিনি মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় দাপনাজোড় রেলক্রসিং এলাকায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।



