ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে গিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। সৌভিক নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তার মাসতুতো ভাইয়ের স্ত্রীও বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবার।


পরিবার ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট কুষ্টিয়ার রাজারহাটপুর গ্রামের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে ক্যাম্পাসে আসেন সৌভিক। পরে ক্যাম্পাস থেকে ঝিনাইদহগামী একটি বাসে করে খুলনায় তার মাসির বাসায় যান। সেখানে বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থানের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হয়ে যান তিনি।

citytouch 728-X-90


নিখোঁজ হওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে মুঠোফোনে মায়ের সঙ্গে কথা হয় সৌভিকের। এ সময় তিনি জানান, কোনো বাস বা ট্রেন পাচ্ছেন না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্য ও সহপাঠীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সন্ধান পাননি। পরে দৌলতপুর থানায় সৌভিকের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


এর মধ্যেই সামনে আসে আরেকটি ঘটনা। সৌভিকের মাসতুতো ভাই কমলের দাবি, সৌভিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাসা থেকে বের হওয়ার পর রাত ৯টা ৪৫ মিনিটে তার স্ত্রীও বাসা থেকে বের হন। এরপর থেকে তারও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে সৌভিকের জন্য জিডি করা হলেও তার স্ত্রীর নিখোঁজের বিষয়ে এখনো থানায় জিডি করা হয়নি। পরিবারের ধারণা, সৌভিকের সন্ধান পাওয়া গেলে তার স্ত্রী সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।


এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করা হয়েছে। সৌভিকের বাবা কুষ্টিয়ায় জিডি করতে গিয়েছিলেন। তবে তার সর্বশেষ অবস্থান দৌলতপুর এলাকায় হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে জিডি করেছেন।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানার পরপরই থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। তবে পরে সৌভিকের মাসতুতো ভাইয়ের স্ত্রীও নিখোঁজ হওয়ার বিষয়টি জানা গেছে। এতে ঘটনাটি নতুন কোনো দিকে মোড় নিতে পারে বলে জানান তিনি।


পুলিশ ও পরিবারের সদস্যরা দুজনের নিখোঁজের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন। তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুসন্ধান চলছে।