কুষ্টিয়ার কুমারখালীর বাউল সম্রাট লালন শাহের মাজারের প্রবেশপথের পাশ থেকে টাইম বোমাসদৃশ একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাজারের প্রবেশপথের ডান পাশে একটি নারকেলগাছের কাছ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে টাইম বোমাসদৃশ ডিভাইস হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে মাজার এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ। মাজারে আগত সাধুদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁদের ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
পরে ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) চার সদস্যের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে দলটি তল্লাশি চালিয়ে দুটি এক লিটার পেট্রোলের বোতল, আধা ইঞ্চি চওড়া ও চার ইঞ্চি লম্বা দুটি লোহার পাইপ এবং বৈদ্যুতিক তার সংযুক্ত একটি ডিভাইস উদ্ধার করে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে কুমারখালী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ডিভাইসটি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।









