
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শ্রমিকদের বেতনভাতা পরিশোধ ও রফতানি বিল ক্রয় করতে পোশাক কারখানা এলাকায় আগামী ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার এ সংক্রান্ত নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপার ভিশন (ডিওএস)।
সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো এই নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে আগে তৈরি পোশাক শিল্পের কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে রফতানি বিল ক্রয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদানের লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ পূর্বক খোলা রাখতে হবে।’
নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলমান থাকবে। আর লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকালে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে। ওই দুদিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে।



