
আসছে ঈদুল ফিতর এবং সেই ঈদকে কেন্দ্র করে বাড়ছে কেনাকাটা। এমন অবস্থায় পরিবারের চাহিদা ও কেনাকাটার খরচের হিসেব করেই বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার (২৪ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসেই রেমিট্যান্স এসেছে মোট ১৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৩০ কোটি টাকা।
সেই হিসেব অনুযায়ী দেশে প্রতিদিন গড়ে ৬০০ কোটি টাকার মতো রেমিট্যান্স আসছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ধারণা করছেন, এই ধারা বজায় থাকলে এপ্রিল মাস শেষে রেমিটেন্সের পরিমাণ ২০০ কোটি ডলারেরও বেশি হবে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত সরকারি পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৬ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১১ কোটি ৮ লাখ মার্কিন ডলার। ৪৭ লাখ মার্কিন ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে। দুই কোটি ৭০ লাখ মার্কিন ডলার এসেছে বিশেষায়িত ব্যাংকে।
এই মাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় ইসলামী ব্যাংকের মাধ্যমে যার পরিমাণ ৩১ কোটি ৮ লাখ ডলার। ইসলামী ব্যাংকের পর তালিকায় আছে ডাচ বাংলা ব্যাংক যার মাধ্যমে এসেছে ১৯ কোটি ১ লাখ ডলার।
রেমিট্যান্স আসেনি সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পুলিশের কমিউনিটি ব্যাংক, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে।
চলতি বছরের মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ১৪৯ কোটি ডলার। তবে ২০২১ সালের মার্চ মাসে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৯ লাখ ডলার।



