
ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে সরকারের ব্যর্থতা থাকলেও এর পেছনে ডিলার ও খুচরা ব্যবসায়ীদের বিশ্বাসঘাতকতাকেই দায়ি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার (৯ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের তেলের দাম সহনীয় রাখতে বলেছিলাম। কিন্তু ডিলার এবং ব্যবসায়ীরা কথা রাখেনি।
তেলের দাম বৃদ্ধিতে মন্ত্রণালয়ের ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের ব্যর্থতা ঠিক কেননা আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের নিযুক্ত সকল সংগঠনকে বলেছি, বর্তমানে তেলের যে দাম নির্ধারণ করা হয়েছে তা যেভাবেই হোক ঠিক রাখতে হবে।
তেলের সিন্ডিকেট সম্পর্কে টিপু মুনসি বলেন,‘তেলের সিন্ডিকেটের মূলত তৈরি হয় রিটেইলার এবং ডিলারদের কাছ থেকে। আমরা তদারকি করবো এ বিষয়টি নিয়ে যাতে কেউ এ রকম সুযোগ না নিতে পারে।
বাজারে তেল না পাওয়ার বিষয়ে জানতে চাইলে উত্তরে মন্ত্রী বলেন,‘দাম নির্ধারণ হয় ৬ ফেব্রুয়ারি। দাম বাড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করলে ১০ শতাংশ ভ্যাট কমায় সরকার। কিন্তু ডিলার ও রিটেইলাররা বুঝতে পেরে তেল মজুদ করতে শুরু করে এবং কৃত্রিম সংকট তৈরি হয়।
তিনি আরও বলেন, যদি কোন প্রমাণ পাওয়া যায় যে রিটেইলাররা বাজারের নিয়ন্ত্রণ করছে তবে এর জন্য ব্যবস্থা নেয়া হবে।
তেলের দামের সমন্বয় সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আমদানি নির্ভর দেশ । আমাদের ৯০% তেল আমদানি করতে হয় । বিশ্ব বাজারে তেলের দাম কমলে আমরা আবার মিটিং বসে সিদ্ধান্তের মাধ্যমে কমাবো।



