

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে সরকারবিরোধী দলগুলো লাগাতার অবরোধ-হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়ে আসছে। এ ধরনের বিক্ষোভে দেশের অর্থনীতিতে দিনে সাড়ে ৬ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতি হয় বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। খবর ইউএনবির।এই ব্যবসায়ী নেতা বলেন, দেশে আমরা রাজনৈতিক স্থিতিশীলতা চাই। ধর্মঘট বা অবরোধ চাই না, এমন কর্মসূচি অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর। এ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন চাই।এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মহাসড়কে সহিংসতা সৃষ্টি করছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, এসব সহিংসতা আমাদের দেশ সম্পর্কে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা দিচ্ছে।



