

স্বর্ণের দাম পাঁচ দিনের ব্যবধানে আরও এক দফা বাড়লো। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। তাতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।শনিবার (২৩ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দাম বৃদ্ধির কারণ হিসেবে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কাল রোববার এই দর কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৫ হাজার ৬৯৯ টাকায় বিক্রি করা হবে।স্বর্নের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।



