

কথায়ই আছে মাছের রাজা ইলিশ। এর যথেষ্ট কারণও রয়েছে। কেননা ইলিশ মাছের স্বাদের কদর পুরো পৃথিবী জুড়ে। যে কারণে বর্হিবিশ্বে আমাদের জাতীয় মাছের চাহিদাও অনেক। তাই বাংলাদেশ ইলিশ রপ্তানিতে বেশ এগিয়েঅ গেছে। আর এই সুযোগটিকেই একটি খাত হিসেবে তৈরি করতে চাচ্ছে সরকার।
ইলিশ রপ্তানি করে সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করতে চায় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার (৩০ মার্চ) সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। মন্ত্রী এই সময় বলেন, রপ্তানির আগে ইলিশের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা মেটানো হবে প্রথম প্রায়োরিটি।
মন্ত্রী বলেন, “ইলিশ আমাদের দেশের সম্পদ। এর উন্নয়ন ঘটিয়ে আমরা দেশের সকল মানুষের হাতে ইলিশ মাছ পৌঁছে দিতে চাই। দেশের চাহিদা মেটানোর পর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। এ লক্ষ্যে নিরলসভাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।”
তিনি আরো বলেন, “মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ইলিশের গুরুত্ব অপরিসীম। দেশে যে পরিমাণ মৎস্য সম্পদ উৎপাদন হয়, তার ১২ দশমিক ২২ শতাংশই আসে ইলিশ থেকে। জিডিপিতেও ইলিশ মাছের অবদান ১ শতাংশের বেশি।”
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মো. ইয়ামিন চৌধুরী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খ. মাহবুবুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



