

রাজধানী ঢাকার পাশাপাশি এবার নিত্যপণ্যের দাম বেড়েছে দেশের বিভিন্ন স্থানে। দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বন্দর এলাকা দিনাজপুরের হিলিতেও।
২৪ ঘণ্টার ব্যবধানে হিলিতে দাম বেড়েছে সব ধরনের মুরগি, ডিম ও সবজির। সোনালি মুরগির দাম ৩০ টাকা বৃদ্ধি পেয়ে ২৫০ টাকার মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, ২০ টাকা বৃদ্ধি পেয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকায় এবং লেয়ার মুরগি ৩০ টাকা বৃদ্ধি পেয়ে ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে দাম বৃদ্ধি পেয়েছে সব ধরনের ডিমের। সরবরাহ কম থাকায় ডিমের দাম বেড়েছে বলে দাবি করছেন খুচরা ব্যবসায়ীরা।
তবে স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম, আগের মতই গরুর মাংশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০-৬২০ টাকায়, প্রকারভেদে খাসীর মাংশ বিক্রি হচ্ছে ৭০০-৭৫০টাকায়। কিছুটা দাম বেড়েছে সবজির বাজারে। বেড়েছে বেগুন, টমেটো ও লাউয়ের দাম।
এদিকে রমজান মাসে হঠাৎ করে এমন দাম বৃদ্ধিতে বিপাকে ভোক্তারা। বাজারে কোন প্রকার মনিটরিং না থাকায়, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান তারা।


