ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে সড়ক সম্প্রসারণের কাজ চলাকালে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজ্যের আল্লুরি সীতারাম রাজু জেলার আনন্তগিরি মণ্ডলের পিনাকোটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাহাড়ি সড়ক সম্প্রসারণের জন্য পাথর ভাঙতে বিস্ফোরণের কাজ চলছিল। এ সময় জিলেটিন স্টিকযুক্ত একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। তবে বিস্ফোরণের সময় যন্ত্রটি ঠিকমতো কাজ না করায় দুর্ঘটনাটি ঘটে। এতে দুটি যানবাহন ধ্বংস হয়ে যায়।

পুলিশের এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে একজন চালক ও তিনজন শ্রমিক রয়েছেন। এ ছাড়া বিপরীত দিক থেকে যাওয়া এক শিক্ষকও প্রাণ হারিয়েছেন।

খবর পেয়ে স্থানীয় রাজস্ব বিভাগের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।