ইরানে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাবে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৬ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে। গত ২৯ এপ্রিলের পর এটিই ব্রেন্টের সর্বোচ্চ সমাপনী দর।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ২৭ ডলারে স্থির হয়েছে।

সপ্তাহজুড়ে ব্রেন্টের দাম বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়ল জ্বালানি তেলটির দাম। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ শতাংশ।

এদিকে ইরানের সেনাপ্রধান জানিয়েছেন, সামরিক সক্ষমতা আরও জোরদার করার পর দেশটির সামরিক বাহিনী ‘অসম যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না। এ বিষয়ে ‘খুব শিগগিরই’ কিছু একটা ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এ মন্তব্যের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করছেন বলে এক প্রতিবেদনে দাবি করা হয়।

এদিকে ইরানের মিত্র হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার প্রেক্ষাপটে সৌদি আরব থেকে জরুরি নয় এমন কর্মীদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

একই পরিস্থিতিতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো তাদের কর্মীদের ধাহরানে অবস্থিত প্রধান কার্যালয় ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার এবং বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।