ঢাকায় কর্মস্থলে ফেরার পথে বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় গোলাম রব্বানী নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোলাম রব্বানী ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন। ছুটি শেষে নিজ জেলা রংপুর থেকে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় ফিরছিলেন তিনি। পথে সোনকা এলাকায় পৌঁছালে তাঁর গাড়িটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামস-ই-তাবরীজ এবং উপপরিদর্শক মো. মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত গোলাম রব্বানী রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় ফুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তাঁর লাশ বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।









