সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব তালুকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন পাশের খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত মারুফ কোনাগাঁতী গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কোনাগাঁতী গ্রামে মারুফের বাড়ির আঙিনায় আকরামের মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সেখান থেকেই অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে।
পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আছাব আলী ও স্থানীয় বাসিন্দারা জানান, আকরামকে কোনোভাবে মারুফের বাড়িতে ডেকে নেওয়া হয়েছিল বলে তাঁদের ধারণা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর মারুফ বাড়িতেই ছিলেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এদিকে, ঘটনার পর মারুফের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন আকরামের বাবা আব্দুর রহিম। তিনি বলেন, তাঁর ছেলেকে কেন হত্যা করা হয়েছে, তা এখনো বুঝতে পারছেন না। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় নতুন করে কোনো সহিংসতা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।









