শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : মো. আফজাল হোসেন শামীম
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে আশিক শেখ (২৬) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ফরিদপুর গ্রামের স্থানীয় ফজলুল হকের বাড়ির একটি ভাড়া কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশিক শেখ ময়মনসিংহের ভালুকা উপজেলার খাওরাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন।
বাড়ির মালিক জানান, গত কয়েক দিন ধরে আশিকের কক্ষটি তালাবদ্ধ ছিল। বৃহস্পতিবার সকালে কক্ষটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা আব্দুল কাদির বলেন, “আমার ছেলে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকত এবং কাজ করত। কয়েক দিন আগে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। পাঁচ দিন আগে ছেলের সঙ্গে আমার কথা হয়েছিল। আজ তার মৃত্যুর খবর জানতে পারি।”
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।









