ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও আবারও ফুটবল বুট পায়ে মাঠে নামতে যাচ্ছেন। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এক দশকের বেশি সময় পর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে খেলবেন তিনি। আগামী ১৫ নভেম্বর ফোর্লির বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর মাঠে ফেরার কথা রয়েছে।
গত জুনে রাভেন্নার সঙ্গে চুক্তি করেন ৪৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। ক্লাবটি ইতালির সিরি সি প্রতিযোগিতায় খেলে। তবে চুক্তি করার পর এখনো রাভেন্নার হয়ে মাঠে নামেননি তিনি।
শুক্রবার ক্লাব কর্তৃপক্ষ জানায়, আগামী ১৫ নভেম্বর ফোর্লির বিপক্ষে ডার্বি ম্যাচে রোনালদিনিওর অভিষেক হতে পারে। তিনি সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবল খেলেছিলেন।
রোনালদিনিওর মাঠে ফেরাকে বিশেষ ঘটনা হিসেবে উল্লেখ করেছে রাভেন্না। ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়েছে, এই ম্যাচের মাধ্যমে পুরো বিশ্বের দৃষ্টি ঘুরে যাবে স্তাদিও ব্রুনো বেনেল্লির দিকে।
বিবৃতিতে আরও বলা হয়, ফুটবল বিশ্ব যে প্রত্যাবর্তনকে একসময় অসম্ভব মনে করেছিল, সেটিই এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। রোনালদিনিওর জাদুকরি ফুটবল, হাসি ও অসাধারণ প্রতিভা আবারও সমর্থকদের মুগ্ধ করার সুযোগ তৈরি হয়েছে।
রাভেন্নার মালিক ইনিয়াতসিও চিপ্রিয়ানি। তাঁর স্বপ্ন, ব্রাজিলের এই তারকা রাভেন্নার জার্সি গায়ে ক্যারিয়ারের শেষ গোলটি করবেন।
গত আগস্টে ইতালির মারিনা দি রাভেন্না সমুদ্রসৈকতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে রোনালদিনিওকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেই আয়োজনের কথা স্মরণ করে ক্লাবটি জানায়, মায়ামিতে চুক্তির ঘোষণা থেকে শুরু করে ইতালির সৈকতে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা—সবকিছু মিলিয়ে তাঁর মাঠে ফেরার অপেক্ষা ক্রমেই বেড়েছে।
ক্লাবের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট চিপ্রিয়ানির পরিকল্পনা ইতালির বাইরেও ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি করেছে। এবার রোনালদিনিওর মাঠে ফেরার সম্ভাব্য তারিখ ঘোষণার মধ্য দিয়ে সেই পরিকল্পনা নতুন মাত্রা পেয়েছে।
ইতালিতে এটি রোনালদিনিওর দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি এসি মিলানের হয়ে খেলেছেন। এ ছাড়া প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনার জার্সিতেও মাঠ মাতিয়েছেন এই তারকা।
বর্ণাঢ্য ক্যারিয়ারে রোনালদিনিও ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জিতেছেন। ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর। তাঁর অসাধারণ ড্রিবলিং, সৃজনশীলতা ও নান্দনিক ফুটবল তাঁকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।
এবার রাভেন্নার হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। ইতালির তৃতীয় বিভাগের প্রতিযোগিতা সিরি সি তিনটি ভৌগোলিক গ্রুপে বিভক্ত। নিজেদের গ্রুপে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে রাভেন্না।









