ভারতের পশ্চিমবঙ্গে ১২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। এ নিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যটিতে পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর ঘটনা ঘটল।

নিহত ব্যক্তির নাম দিলীপ রায়। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের অভিযানের সময় তিনি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে পুলিশ পাল্টা গুলি চালালে তিনি আহত হন। তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, গত চার দিন ধরে দিলীপকে খুঁজছিল তারা। কুলিক নদীর কাছের একটি জঙ্গল থেকে ওই কিশোরীর বিবস্ত্র ও আংশিক পচে যাওয়া মরদেহ উদ্ধারের পর তাকে গ্রেপ্তারের অভিযান শুরু হয়।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্তসংলগ্ন গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার পারাপুকুরে দিলীপের অবস্থান শনাক্ত করা হয়। সেখানে পুলিশের একটি দল অভিযান চালালে তিনি গুলি ছোড়েন। তার ছোড়া একটি গুলি পুলিশের গাড়ির চাকায় লাগে। পরে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, দিলীপের আদি বাড়ি ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গ ছেড়ে বিহার সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি।

পরিবারের বরাতে পুলিশ জানায়, সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১২ বছর বয়সী ওই কিশোরী। পরে কুলিক নদীর পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কুলিক নদী দেখানোর কথা বলে ভাতিজিকে জঙ্গলে নিয়ে যান দিলীপ। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে আবদুলঘাটা এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এ নিয়ে চতুর্থবারের মতো পুলিশের গুলিতে কোনো অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটল।

এর আগে জুলাইয়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের দাবি ছিল, অপরাধস্থল পুনর্নির্মাণের সময় তিনি এক পুলিশ সদস্যের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান।

এ ছাড়া উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রহ্লাদ দাস এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সামাউল হকও পুলিশের গুলিতে নিহত হন।

সর্বশেষ ঘটনা নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, কেউ আইনবিরোধী কাজ করলে বা নিজের হাতে আইন তুলে নিলে তাকে পুলিশের মুখোমুখি হতে হবে। বিশেষ পরিস্থিতিতে পুলিশ এমন পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।