পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ইউসুফ মৃধা।
শনিবার (১৬ এপ্রিল) পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার ইটবাড়ীয়া ইউনিয়নের ১ নং ব্রিজ সংলগ্ন দূর্গাপুর গ্রামে একটি মুগডাল ক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি মনিরুজ্জামান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহত ইউসুফের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানতে তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ইউসুফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অনেক রাতেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন দেয়। কিন্তু সেটি বন্ধ থাকায় তারা ইউসুফকে খুঁজতে বের হয়। পরে দূর্গাপূর এলাকার একটি মুগডাল ক্ষেতে তার ক্ষত-বিক্ষত নিথর দেহ পাওয়া যায়।
নিহত ইউসুফ ওই গ্রামের ইসমাইল মৃধার ছেলে। ইটবাড়ীয়া ইউনিয়নের ১ নং ব্রিজ বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে।









