পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং সাংবিধানিকভাবে তাদের শপথ গ্রহণের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে।


সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠান।

citytouch 728-X-90


আইনজীবী জানান, সাত দিনের মধ্যে নোটিশের জবাব না পেলে তিনি হাইকোর্টে রিটসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবেন।


নোটিশে সংবিধানের ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফশিলের আলোকে দুই মন্ত্রীর নিয়োগ, নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও শপথের বৈধতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দুই ব্যক্তি বর্তমানে বাংলাদেশের নাগরিক কি না, কখনো বিদেশি নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণ করেছেন কি না এবং কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ বা ঘোষণা দিয়েছেন কি না এসব বিষয় যাচাই করা প্রয়োজন।


নোটিশে তাদের নাগরিকত্ব, পাসপোর্ট, অভিবাসন এবং নাগরিকত্ব গ্রহণ বা ত্যাগসংক্রান্ত রেকর্ডসহ প্রয়োজনীয় নথি পরীক্ষা করারও দাবি জানানো হয়েছে।


একই সঙ্গে তাদের নিয়োগ ও দায়িত্ব গ্রহণ সংবিধানের সংশ্লিষ্ট বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে কি না, তা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।


তবে নোটিশে উত্থাপিত বিষয়গুলো এখনো অভিযোগ ও যাচাইয়ের দাবি পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই বা আদালতের সিদ্ধান্ত ছাড়া এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।


আইনজীবী আসলাম মিয়ার দাবি, সাত দিনের মধ্যে বিষয়টির নিষ্পত্তি না হলে তিনি আইনগত প্রতিকার চাইতে আদালতের দ্বারস্থ হবেন।