কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। একই সঙ্গে রাষ্ট্রের কল্যাণে কোনো ধরনের আপস না করে পাহাড়ের মানুষের মঙ্গলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) ঢাকায় সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কক্সবাজারের আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে আয়োজিত সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।
সভায় কক্সবাজারকে একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের আওতায় আনার ঘোষণা দিয়ে তিনি বলেন, অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে প্রয়োগ করা হবে। শুধু ঢাকায় বসে নির্দেশনা নয়, মাঠপর্যায়ে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
রোহিঙ্গা সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজারের সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান পার্বত্যমন্ত্রী।
সভায় সীমান্ত অপরাধ, চোরাচালান, অবৈধ অস্ত্র, অপহরণ ও মানবপাচার প্রতিরোধ, সারের পাচার বন্ধ, পর্যটন এলাকার যানজট নিরসন এবং সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা ও রিসোর্ট নির্মাণ বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ টহল এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।










