বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনীম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির এক পরিদর্শক ঢাকার আদালতে এ আবেদন করেন।
এর আগে গত ১ নভেম্বর দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে মঙ্গলবার তাকে পুনরায় আদালতে হাজির করে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় এক বন্ধুর ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এ ঘটনায় তাহসিফের বাবা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটিতে সন্দেহভাজন হিসেবে দীপ ও দিশাকে গ্রেপ্তার দেখানো হয়।








