ডিবিসি নিউজের কার্যালয় থেকে আটকের পর চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মধ্যরাতে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে, একই কার্যালয় থেকে ডিবি হেফাজতে নেওয়া চ্যানেলটির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ২০২৪ সালের ২৬ আগস্টের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

অন্যদিকে, জিজ্ঞাসাবাদে রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁকে যাত্রা করতে দেওয়া হয়নি। তবে কী কারণে তাঁকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাঁকে জাতীয় প্রেস ক্লাবে দেখা গিয়েছিল।