আগামী বছর প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা নারী আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশটি আয়োজনের তালিকা থেকে বাদ পড়েছে। ফলে নতুন ভেন্যু হিসেবে আলোচনায় এসেছে ভারতের নাম।
আইসিসি ট্রান্সফরমেশন কমিটির সচিব প্রকাশ শাফতার শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নতুন আয়োজক দেশ হিসেবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে ছয় দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভারতই নতুন আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ প্রশাসনিক পরিস্থিতি ও সরকারি হস্তক্ষেপকে কেন্দ্র করেই আইসিসির এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। এ কারণে আইসিসির বৈঠকে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিত্বও স্থগিত রয়েছে।
নতুন আয়োজক নিয়ে আইসিসির পরবর্তী বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে আয়োজক দেশ থেকে বাদ পড়ার পর টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ থাকবে কি না, সেটিও আলোচনায় রয়েছে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি আইসিসি।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছিল আইসিসি। ফলে বড় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ হারানোর পাশাপাশি এবার নিজেদের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তায় পড়েছে শ্রীলঙ্কা।










