বয়স যে ক্রিকেটে সাফল্যের পথে বাধা নয়, সেটিই যেন আবারও প্রমাণ করলেন আইল অব ম্যানের স্পিনার জোয়ানা হিকস। ৫১ বছর ১৭৩ দিন বয়সে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই অফস্পিনার।
রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে গ্রিসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১০ রান খরচ করে পাঁচ উইকেট শিকার করেন হিকস। তার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫২ রানেই অলআউট হয়ে যায় গ্রিস। পরে মাত্র এক উইকেট হারিয়ে সহজ জয় পায় আইল অব ম্যান।
এর মধ্য দিয়ে পুরুষ ও নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার রেকর্ড গড়লেন হিকস। ভেঙে দিলেন ৯৬ বছর পুরোনো রেকর্ড।
এর আগে ১৯৩২ সালে ৪৯ বছর ৩১৪ দিন বয়সে অস্ট্রেলিয়ার বার্ট আইরনমঙ্গার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে রেকর্ডটি গড়েছিলেন।
২০২৪ সালেও নারী ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার রেকর্ড গড়েছিলেন হিকস। এবার সেই রেকর্ড ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি।










