নেফতচির বিপক্ষে জয়ের পর মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি দৃশ্য ঘিরে আলোচনা তৈরি হয়েছে। আল নাসরের পর্তুগিজ তারকাকে সৌদি আরবের পতাকায় চুমু খেতে দেখা গেছে। পরে উদযাপনের সময় সৌদি পতাকাসংবলিত একটি স্কার্ফও কাঁধে জড়িয়ে নেন তিনি।

সোমবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেফতচিকে ৩-১ গোলে হারায় আল নাসর। ম্যাচের ৪২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এর আগে অ্যাঞ্জেলো গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে নেফতচির ডিফেন্ডার বুয়ান সিগের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে।

ম্যাচ শুরুর আগেই রিয়াদে নিরাপত্তা সতর্কতার কারণে খেলা শুরু হতে দেরি হয়। ম্যাচ শুরুর প্রায় ১৫ মিনিট আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স সতর্কতা জারি করে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনভিত্তিক হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ঘিরে দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

citytouch 728-X-90

খেলা শুরুর অপেক্ষায় থাকার সময় ক্যামেরায় ধরা পড়ে রোনালদোর সৌদি পতাকায় চুমু খাওয়ার দৃশ্য। আল নাসরের জার্সিতে সৌদি আরবে খেলার সময় দেশটির প্রতি তাঁর এই প্রকাশভঙ্গি দর্শকদের নজর কাড়ে।

ম্যাচ শেষে উদযাপনের সময় সমর্থকদের কাছ থেকে সৌদি পতাকাসংবলিত একটি স্কার্ফ চান রোনালদো। পরে সেটি কাঁধে জড়িয়ে নেন তিনি। আঞ্চলিক উত্তেজনার মধ্যে তাঁর এই কর্মকাণ্ড নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আল নাসরের পরবর্তী ম্যাচ ১৬ অক্টোবর। সৌদি প্রো লিগের সেই ম্যাচে দলটি আল আহলির মুখোমুখি হবে।