কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কড়া মন্তব্য করেছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী ফরাসি কিংবদন্তি জাঁ-পিয়ের পাপাঁ। ব্যালন ডি’অর জয়ের দৌড় নিয়ে এমবাপ্পের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ডের কথাবার্তায় অনেক সময় নিজেকে নিয়েই অতিরিক্ত মাতামাতি দেখা যায়।
১৯৯১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন পাপাঁ। এমবাপ্পের প্রতিভা ও রেকর্ড গড়ার সামর্থ্য নিয়ে তাঁর কোনো সংশয় নেই। তবে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড নিজের যোগ্যতা নিয়ে প্রকাশ্যে যেভাবে কথা বলেছেন, তা সীমা ছাড়িয়েছে বলে মনে করেন সাবেক এই ফুটবলার।
এমবাপ্পেকে সম্মান করার কথা জানিয়ে পাপাঁ বলেন, তাঁর ক্যারিয়ারে অনেক অর্জন রয়েছে। কিন্তু সবকিছু যখন নিজের সাফল্য ও নিজের দাবিকে ঘিরে আবর্তিত হয়, তখন তা ভালো দেখায় না। ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত পুরস্কার কে জিতবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্যদের।
এমবাপ্পের একটি মন্তব্য বিশেষভাবে অপছন্দ হয়েছে পাপাঁর। তাঁর মতে, ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা নিয়ে নিজের শ্রেষ্ঠত্বের দাবি তোলা বাড়াবাড়ি। এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ হওয়া উচিত ভোটারদের বিবেচনা ও মূল্যায়নের ভিত্তিতে, কোনো খেলোয়াড় নিজের অর্জনকে কীভাবে দেখছেন, তার ওপর নয়।
এমবাপ্পের সামর্থ্য স্বীকার করলেও এবারের ব্যালন ডি’অরের জন্য পাপাঁর পছন্দ অন্য একজন। তিনি চান, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিতুন।
ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্য এবং পাপাঁর সমালোচনা ফুটবল অঙ্গনে ব্যক্তিগত অর্জন, আত্মবিশ্বাস ও পুরস্কারের যোগ্যতা নির্ধারণের মানদণ্ড নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।










